আসন্ন এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি/ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পরীক্ষা পরিচালনায় সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণ, আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (জিএমপি) মোহাম্মদ মহিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির এবং জেলা শিক্ষা কর্মকর্তায় মো. আল মামুন তালুকদার।

সভায় পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র ও কেন্দ্রসংলগ্ন এলাকায় কঠোর আইন-শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ, অননুমোদিত বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা, প্রশ্নপত্র বাছাই ও সেট কোড ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, জরুরি স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা এবং সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রেখে নিবিড় পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কেন্দ্রসচিবদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, 'আপনারা সমাজের শ্রদ্ধেয় শিক্ষক। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করলে পরীক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে।'

তিনি আরও বলেন, পরীক্ষার পবিত্রতা রক্ষায় কোনো ধরনের অনিয়ম, অসদুপায় বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না। জেলা প্রশাসন এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ কেন্দ্রের প্রস্তুতি তুলে ধরেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে প্রয়োজনীয় মতামত প্রদান করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় গাজীপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।