পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে কেন্দ্রঘোষিত মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৬’ উপলক্ষে সোমবার (২৯ জুন) দুপুরে গাজীপুরের শ্রীপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্রীপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর পৌর শাখার সেক্রেটারি আবুল হোসেন এবং ছাত্রশিবির শ্রীপুর পৌর শাখার সাবেক সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাফেজ হাসান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির শ্রীপুর উপজেলা সভাপতি হাবিবুর রহমান, শ্রীপুর সরকারি কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলাম আদিল, শ্রীপুর পৌর ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ আহসান রিয়াদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। ব্যক্তি, পরিবার ও সামাজিক উদ্যোগে বৃক্ষরোপণের সংস্কৃতি গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ছাত্রশিবির নেতৃবৃন্দরা জানান,কেন্দ্রঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সমাজে সবুজায়নের বার্তা আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া যায়।