চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক, চুরি ও চোরাচালান দমনে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে চোরাই ভারতীয় গাড়ির যন্ত্রাংশ, হিরোইন ও চুরি হওয়া বৈদ্যুতিক সিলভার তার উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

রোববার পরিচালিত এ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে চিরুনি তল্লাশি চালায় পুলিশ। অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক পৃথক আইনে মামলা দায়ের করে কড়া পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অবৈধ ভারতীয় গাড়ির চোরাই যন্ত্রাংশসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। একই অভিযানে দুই গ্রাম হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ছাড়া সরকারি সম্পদ চুরির ঘটনায় ১৯ কেজি বৈদ্যুতিক সিলভার তার উদ্ধার এবং এক চোরকে গ্রেফতার করা হয়েছে। প্রকাশ্যে মাদক সেবন ও জনবিরক্তি সৃষ্টির দায়ে পুলিশ আইনের ৩৪ ধারায় আরও আটজনকে আটক করা হয়। সব মিলিয়ে অভিযানে গ্রেফতার হন ১৩ জন।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, "মাদক, চোরাচালান ও চুরির বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।"

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তবর্তী গোমস্তাপুরে মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের ধারাবাহিক অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।