গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল কবির ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। এ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান এবং তাঁর সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মিজ তানজিলা খানম উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর মহানগরের চলমান উন্নয়ন প্রকল্প, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ভাওয়াল রাজদীঘির উন্নয়ন প্রকল্প বিশেষ গুরুত্ব পায়। এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ নূরুল কবির ভূঁইয়া বলেন, ভাওয়াল রাজদীঘি গাজীপুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির একটি অমূল্য সম্পদ। পরিকল্পিত উন্নয়ন, সৌন্দর্যবর্ধন এবং আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের মাধ্যমে রাজদীঘিকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে এটি ভবিষ্যতে গাজীপুরের সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসী একটি নান্দনিক উন্মুক্ত পরিবেশ পাবে এবং গাজীপুরের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও সমৃদ্ধভাবে তুলে ধরা সম্ভব হবে।

জেলা প্রশাসক গাজীপুর সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিকবান্ধব মহানগর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এ লক্ষ্য অর্জনে জেলা প্রশাসনের সহযোগিতা ও সমন্বয় আরও গতিশীল ভূমিকা রাখবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মিজ তানজিলা খানম বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নাগরিক সেবার পরিধি আরও সম্প্রসারণ করা হবে। উন্নয়ন কার্যক্রমের গুণগত মান বজায় রেখে নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (ভারপ্রাপ্ত) সানিউল কাদেরসহ উর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা সমন্বিত উদ্যোগে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং নগরবাসীকে আরও উন্নত সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।