ববি সংবাদদাতা: গাইবান্ধায় একটি বিক্ষোভ সমাবেশে হিন্দুদের দেবতা রামচন্দ্রের ছবি ‘অবমাননার’ প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মধ্যরাতে মশাল মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ই জুন) রাত সাড়ে ১১টায় তারা মশাল মিছিল করে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির থেকে মিছিল শুরু হয়ে ভিসি গেট দিয়ে ভোলা রোড প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয় মশাল মিছিলটি।
মশাল মিছিলে সনাতনী শিক্ষার্থীরা জয় শ্রী রাম, সনাতনীর হাতিয়ার গর্জে উঠো আরেকবার, রাম মূর্তি বন্ধ কেনো প্রশাসন জবাব চাই, তুমি কে আমি কে, সনাতনী সনাতনী, উগ্রবাদের কালো হাত ভেঙে দাও প্রভৃতি স্লোগান দেন।
মশাল মিছিলে সনাতনী শিক্ষার্থীরা রামকে অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান; সাথে সাথে দায়ীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। রামের মূর্তি পুনরায় নির্মাণের দাবিও জানানো হয় মশাল মিছিল থেকে।
বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি হৃদয় কুমার দাস বলেন, পলাশবাড়ীতে একটি মূর্তি নির্মাণকে কেন্দ্র করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে উক্ত ঘটনার প্রতিবাদে আমরা মশাল মিছিল করেছি। আমরা চাই বাংলাদেশে হিন্দু-মুসলিম সকল ধর্মের লোক সমানঅধিকার নিয়ে বাস করবে।