বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘একাডেমিক লেখালেখি: কপিরাইট, উন্মুক্ত শিক্ষাসামগ্রী (ওইআর) ও চৌর্যবৃত্তি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (২৯ জুন ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। তিনি বলেন, জ্ঞানভিত্তিক বিশ্বে শিক্ষকদের পাঠদানের পাশাপাশি গবেষণা, মৌলিক চিন্তা, একাডেমিক সততা, কপিরাইট ও মেধাস্বত্ব সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। তিনি প্লেজিয়ারিজম পরিহার, নৈতিক গবেষণা চর্চা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রকাশনায় শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় তিনি গবেষণার মানোন্নয়ন, একাডেমিক রাইটিং, উন্মুক্ত শিক্ষাসামগ্রী, কপিরাইট ও প্লেজিয়ারিজম প্রতিরোধ বিষয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
রিসোর্স পারসন হিসেবে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ একাডেমিক লেখালেখির নতুন ধারা, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর গবেষণা, কপিরাইট, উন্মুক্ত শিক্ষাসামগ্রী, প্রেডেটরি জার্নাল পরিহার এবং বৈশ্বিক সাইটেশন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক, ড. মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ৩৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন।