জাতীয় বিশ্ববিদ্যালয়কে শুধু দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় নয়, বরং মানসম্মত উচ্চশিক্ষার একটি আন্তর্জাতিক মানের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, প্রান্তিক অঞ্চলের কলেজগুলোর উন্নয়ন ছাড়া দেশের উচ্চশিক্ষার সার্বিক অগ্রগতি সম্ভব নয়।
শুক্রবার (২৪ জুলাই) ঠাকুরগাঁওয়ের ইকো কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিসি, প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বিশ্বায়নের এই যুগে প্রচলিত শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক করতে হবে। শিক্ষার্থীদের আধুনিক কর্মবাজারের উপযোগী করে গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় কারিকুলাম সংস্কার, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কলেজগুলোতে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম শক্তিশালী করা, গ্রন্থাগার ও ল্যাবরেটরি আধুনিকায়ন এবং সেশনজট সম্পূর্ণ নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে অধ্যক্ষ ও শিক্ষকদের সততা, নিষ্ঠা ও উদ্ভাবনী চিন্তাধারার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আঞ্চলিক কেন্দ্রগুলোকে আরও ক্ষমতায়ন করা হচ্ছে, যাতে কলেজগুলোর একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন কাজ দ্রুত স্থানীয় পর্যায়েই সম্পন্ন করা যায় এবং গাজীপুর ক্যাম্পাসে বারবার আসার প্রয়োজন না হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ইকো কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোকাররম হোসেন এবং ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জুলফিকার আলীসহ জেলার বিভিন্ন অধিভুক্ত কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানরা।
মতবিনিময় সভা শেষে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে লোকসঙ্গীত, নৃত্য ও নাট্যাংশ পরিবেশনের মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।