জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য মানবিক উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব শিক্ষার্থীর পরীক্ষা সংক্রান্ত প্রায় সব ধরনের ফি মওকুফ করেছে। তবে সনদ (সার্টিফিকেট) ও ট্রান্সক্রিপ্ট ফি শিক্ষার্থীদের পরিশোধ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আহতদের তালিকা পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২৬৯ জন শিক্ষার্থীর তথ্য পাওয়া গেছে। তাদের জন্য সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ছাড়া পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সব ফি মওকুফের নির্দেশনা সংশ্লিষ্ট কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে।

এই সুবিধা গ্রহণের জন্য আহত শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত যোগাযোগ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে এবং তাদের আর্থিক চাপ কমাতে সহায়ক হবে।