তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য প্রয়োজন মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা।’

আজ শনিবার (৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত আন্তর্জাতিক গবেষণা প্ল্যাটফর্ম 'আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিনিয়ত বাড়তে থাকা বিভাজন, অপপ্রচার ও ভাসাভাসা আলোচনা দূর করতে জ্ঞান ও নৈতিকতার ভিত্তি প্রয়োজন। ভাষা, ধর্ম, জাতিসত্তা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য প্রকৃতির একটি অমোঘ নিয়ম যা অস্বীকার করার উপায় নেই।

মন্ত্রী বলেন, প্রত্যেকে নিজের অবস্থান থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করবেন এবং সুস্থ পরিবেশে তার আদান-প্রদান হবে, এটিই প্রকৃত গণতান্ত্রিক সংস্কৃতি। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলা, ইংরেজি, আরবি ও তুর্কি—এই চার ভাষায় প্রকাশিত 'আল-উম্মাহ জার্নাল' বিশ্বজুড়ে চিন্তাবিদদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইয়াসিন আকতাই।