বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ বিপদ মুসিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে। আমাদের জীবন মৃত্যুর মালিক যিনি; তিনিই আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারেন। তাই এসব দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে আল্লাহর সাহায্য চাইতে হবে।
রোববার (১২ জুলাই) চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর পৃথক আয়োজনে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, বানভাসি মানুষগুলোর পাশে দাঁড়াতে বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের নির্দেশনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের পাশে এসেছেন। আমাদের সামর্থ্য কম। অবর্ণনীয় দুর্ভোগে আমরা আশা করছি; নগণ্য এ খাদ্য সহায়তা আপনাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হবে। এজন্য জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মানবিক সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে।
মানবতার সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানবিক দায়িত্ববোধ থেকে যে কোনো দুর্যোগে দুর্গত মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দুর্যোগ মোকাবিলায় দলমতের ঊর্ধ্বে থেকে সম্মিলিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই।
জামায়াত নেতা মুহাম্মদ শাহজাহান বলেন, প্রাকৃতিক দুর্যোগে সরকারের উচিত ছিল সবার আগে দুর্গত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো। এটি তাদেরই দায়িত্ব। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকারি ত্রাণ ভান্ডারে অনেক কিছু রয়েছে। যা এই বিপদগ্রস্ত সময়ে পাওয়ার অধিকার রাখে। নচেৎ কষ্ট লাঘব হয়ে গেলে অপ্রয়োজনীয় এ সহযোগিতা আর কোনো কাজে আসবে না।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিদেশ সফর থেকে তাড়াতাড়ি দেশে ফিরে বন্যা কবলিত মানুষগুলোর পাশে দাঁড়ান। তাদের দুঃখ দুর্দশার কারণ জানার চেষ্টা করুন।
তিনি বলেন, এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পরিলক্ষিত হয়নি। কিছু কিছু জায়গায় বিতরণের খবর শোনা গেলেও চাহিদার তুলনায় অপ্রতুল। অতিদ্রুত পর্যাপ্ত ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে তিনি সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। এর পাশাপাশি সমাজের সামর্থ্যবান বিত্তবানদেরও বানভাসি পরিবারের সহায়তায় এগিয়ে আসা নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির ও সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন।
এসময় জামায়াত নেতা মাওলানা জামাল হোছাইন, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, অধ্যাপক আবু নঈম আযাদ, সরওয়ার কামাল, মাওলানা শেখ আহমদ, জুনাইদ সিকদার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।