সরকার ঘোষিত ২০২৬/২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ব্যাংক ঋণ নির্ভর গরীব মারার বাজেট বলে আখ্যায়িত করে তা গণমুখী করতে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি আজ সকালে রাজধানীতে প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঢাকা-১৪ আসনের সাংসদ ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমানের পক্ষে একটি ভ্যান গাড়ি এবং ব্যবসার জন্য নগদ অর্থ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, মহানগরীর মজলিসে শূরা সদস্য ডা. মাঈনুদ্দীন ও জিএম হাফিজুর রহমান প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, সরকার বৃহদাকার বাজেট ঘোষণা করলেও এর উল্লেখ্যযোগ্য একটি অংশ ব্যাংক ঋণ নির্ভর। সরকারই যদি ব্যাংকের সব টাকা ঋণ নেয় দেশে উদ্যোক্তা সৃষ্টি হবে না। মানুষের কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে পড়বে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই ঋণ নির্ভর বাজেটের অশুভ বৃত্ত থেকে সরকারকে অবশ্যই বেড়িয়ে এসে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির পথকে অবারিত করতে হবে। কারণ, আমাদের দেশের মানুষ খুবই পরিশ্রমী ও আত্মপ্রত্যয়ী। তারা একটু সহায়তা পেলেই ঘুরে দাঁড়াতে পারবে। সে লক্ষ্যেই আমরা একজন দরিদ্র ভাইয়ের আত্মকর্মসংস্থানের জন্য ভ্যান ও নগদ অর্থ প্রদান করছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জামায়াতের এ কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহাবান জানান।
তিনি বলেন, জনগণ আশা করেছিলো যে নতুন সরকার একটি গণমুখী বাজেট উপহার দেবে। কিন্তু সে আশায় গুড়েবালি পড়েছে। প্রস্তাবিত বাজেটে দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাত বরাবরের মতই উপেক্ষিত হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর ওপর চাপানো হয়ে মাত্রাতিরিক্ত করের বোঝা। তাই সরকারকে ইতিবাচক পথে পরিচালনার জন্য আমরা ছাড়া সরকার গঠন করতে যাচ্ছি। আমরা আশা করবো সরকার আমাদের পরামর্শ গ্রহণ করে প্রস্তাবিত বাজেট সংশোধনে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। তিনি সরকারকে রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেড়িয়ে এসে দেশের বৃহত্তর স্বার্থে জাতিকে ঐক্যবদ্ধ করার আহবান জানান।