বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার ও বৈষম্য নিরসন সম্ভব নয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শহীদদের প্রতি জাতির দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্র ঘোষিত জুলাই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এডভোকেট আতিকুর রহমান বলেন, জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। জুলাই গণ-অভ্যুত্থানে অসংখ্য শ্রমজীবী মানুষ জীবন উৎসর্গ করেছেন। শহীদ পরিবারের সদস্যরা আজও সেই শোক ও বেদনা বহন করছেন। তাই তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দ্রুত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করার উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জুলাই ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভা পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম।

প্রস্তুতি সভায় কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, সহ-সভাপতি গোলাম রব্বানী, কবির আহমেদ ও মুজিবুর রহমান ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আব্দুস সালাম, মাওলানা মুহিবুল্লাহ, আখতারুজ্জামান, দফতর সম্পাদক নুরুল আমিনসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জুলাই ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের সাংগঠনিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও দেশব্যাপী বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।