উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ্যাতিমান আলেম, লেখক, গবেষক ও ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামার লখনৌর দাওয়াহ অনুষদের সাবেক ডিন মাওলানা সাইয়্যিদ সালমান নদভী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৯ জুন) ভোরে মাওলানা সাইয়্যিদ সালমান নদভীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করা হয়।

তার ইন্তেকালের খবরে ভারতসহ উপমহাদেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মীয় ও একাডেমিক অঙ্গনে তার মৃত্যু অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন আলেম-উলামা ও শিক্ষাবিদরা।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর লখনৌতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাইয়্যিদ সালমান নদভী। আজ আসর নামাজের পর জামিয়া সৈয়দ আহমদ শহীদ কাটোলিতে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাকে দাফন করা হবে। জানাজায় দেশ-বিদেশের আলেম, ছাত্র, অনুসারী ও শুভানুধ্যায়ীদের বিপুল উপস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

মাওলানা সালমান নদভী ছিলেন বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্ব। তিনি একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট লেখক, কোরআনের মুফাসসির এবং প্রভাবশালী বক্তা হিসেবে মুসলিম বিশ্বে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। তার বয়ান ও আলোচনা শুধু ভারতেই নয়, বরং বিশ্বজুড়ে মুসলিম সমাজে ব্যাপকভাবে সমাদৃত ছিল।